
দুই ঘণ্টা পর ছোট বোনের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবার ও এলাকাবাসী
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই বোন হলো পশ্চিমপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে রিয়া মনি (৭) ও হিলমা মনি (৫)।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের আব্দুল গনির পুকুরে গোসল করতে যায় দুই বোন। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা বড় বোন রিয়া মনিকে উদ্ধার করে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ছোট বোন হিলমা মনিকে খুঁজে না পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত দুই বোনের মধ্যে রিয়া মনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং হিলমা মনি একই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শাখার শিক্ষার্থী ছিল।
পশ্চিমপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. নবী হোসেন জানান, গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। সহপাঠী, শিক্ষক, স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, দুই শিশু গোসল করতে পুকুরে নেমেছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
ট্যাগ:
গৌরীপুর, ময়মনসিংহ, পানিতে ডুবে মৃত্যু, শিশু, দুর্ঘটনা

