
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব বিরোধের জেরে রুপ মিয়া (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রুপ মিয়া নূরপুর গ্রামের মুতালিব মিয়ার ছেলে। গ্রেপ্তার হওয়া শ্যামল মিয়া একই গ্রামের চন্নু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জেরে শ্যামল মিয়া ধারালো অস্ত্র নিয়ে রুপ মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তিনি পালানোর চেষ্টা করেন।
রুপ মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে ইটনা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। দুপুর ১টার দিকে অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ।
পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

