
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত আধুনিক প্রকৌশল ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাংলা প্রবাদে আছে—‘কামারের ভাঙা দা আর ছুতারের ভাঙা নাও’। অনেক সময় নির্মাণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব দপ্তরই মানসম্মত হয় না। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এ ধারা থেকে বেরিয়ে একটি আধুনিক ও কার্যকর প্রকৌশল দপ্তর গড়ে তুলতে চায়।
তিনি আরও বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করাই যথেষ্ট নয়; এর সঠিক রক্ষণাবেক্ষণও সমান গুরুত্বপূর্ণ। ভবনটিকে নিজেদের প্রতিষ্ঠানের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, প্রকৌশলী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।
উল্লেখ্য, দুইতলা ভিত্তির ওপর নির্মিত দুইতলা বিশিষ্ট এই আধুনিক প্রকৌশল ভবনটি ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।

