
উদ্বোধনের পাঁচ বছর পরও চালু না হওয়া ভৈরবের ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন ভৈরব ও কুলিয়ারচর আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। একই সফরে তিনি মেঘনা নদীর ভাঙনরোধে চলমান আপৎকালীন জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমও পরিদর্শন করেন।
সোমবার (৬ জুলাই) নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার অংশ হিসেবে দুপুর ৩টার দিকে পৌর শহরের ফেরিঘাট এলাকার মৎস্য অবতরণ কেন্দ্র এবং ভৈরব বাজার সংলগ্ন নদীতীরে পানি উন্নয়ন বোর্ডের ভাঙন প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মৎস্য অবতরণ কেন্দ্রটি কেন চালু হয়নি এবং এতে কোনো কারিগরি বা প্রশাসনিক সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভৈরব দেশের অন্যতম বৃহৎ মাছের আড়ত হওয়ায় ব্যবসায়ীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করে দ্রুত কেন্দ্রটি চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভৈরবের বিদেশগামী কর্মীদের জন্য ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নদীবন্দর রক্ষায় ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। ভৈরব ও কুলিয়ারচরে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে, যা অচিরেই দৃশ্যমান হবে। এছাড়া কিশোরগঞ্জ জেলার প্রতিটি উপজেলার উন্নয়নে প্রায় দুই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সফরকালে প্রতিমন্ত্রী তার স্বেচ্ছাধীন তহবিল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তার চেক উপকারভোগীদের মধ্যে বিতরণ করেন। এছাড়া গজারিয়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
পরিদর্শন শেষে তিনি নবনির্মিত ভৈরব লঞ্চঘাট পন্টুন ঘুরে দেখেন এবং নৌপথে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এদিন সকালে কুলিয়ারচর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রয়াত শামসু উদ্দিন ও শহিদুল ইসলামের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ, প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমনের প্রণোদনা প্রদান, কুলিয়ারচর পৌরসভার গাইলকাটা টিএন্ডটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণকাজের উদ্বোধন করেন। এছাড়া কুলিয়ারচর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনেরও উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, ভৈরব বাজার-আশুগঞ্জ নৌবন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক মো. নাহিদ হোসেন, যুগ্ম পরিচালক (চলতি দায়িত্ব) মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

