
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ক্ষুদ্র ঋণের চেক, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের চেক, কিশোরী সংঘের সদস্যদের উৎসাহ বোনাস এবং গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা ও কলেজ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসান।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে এসব কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, “পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারি উন্নয়ন কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পল্লী উন্নয়ন হলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন উজানিজোড়া কৃষক সমবায় সমিতির সদস্য আব্দুর রাজক, ধলাহাঁস পল্লী প্রগতি মহিলা দলের সদস্য মাফিয়া বেগম, বিআরডিবির কর্মচারী আব্দুর রহিম ও খোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামছুল আরেফিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা অর্জিন চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের চেক, পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের উৎসাহ বোনাস এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

