
সংবাদের হাইলাইটস
শপিং করিয়ে দেওয়ার কথা বলে ১৬ বছরের এক কিশোরীকে আবাসিক হোটেলে নেওয়ার অভিযোগ।
হোটেল কক্ষে ধর্ষণের অভিযোগে আড়াইহাজারের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেনাকাটার প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে রিটন মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৬ জুলাই রাতে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রিটন মিয়া আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ৩০ জুন অভিযুক্ত রিটন মিয়া ওই কিশোরীকে শপিং করে দেওয়ার কথা বলে ভুলতা গাউছিয়া নূর মেনশনের ৪র্থ তলার ‘সুগন্ধা আবাসিক হোটেল’-এর ৪০৪ নম্বর কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবক রিটন মিয়াকে ৭ জুলাই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

