
ফেনীর ফুলগাজী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ফুলগাজী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি সাদা রঙের পিকআপ ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় থাকা পিকআপ ভ্যানটি তল্লাশি করে ২২টি চটের বস্তা উদ্ধার করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে ২১টি বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯৬০টি ভারতীয় শাড়ি এবং একটি বস্তায় Lidocaine Topical Aerosol BP-এর ৪২০টি স্প্রে পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে ঘটনাস্থল থেকে নেত্রকোনা-ন ১১-০০৭৪ নম্বরের একটি সাদা পিকআপ ভ্যান এবং ফেনী-ল ১২-৬২৩২ নম্বরের একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মালামাল ও যানবাহন থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

