
পিতার মৃত্যুর শোক না পেরুতেই কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের তেবারিয়া গ্রামের এক কলেজশিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। নিহত ওয়াকিল মিয়া (১৮) ওই গ্রামের প্রয়াত জাকির মিয়ার ছেলে এবং দুয়ারিয়া এজিএস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বাবার মৃত্যুর মাত্র ৯ দিনের মাথায় তার এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১২ জুলাই) বিকেলে চান্দিনা উপজেলার খালার বাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওয়াকিল খালার বাড়ির ছাদে হাঁটাহাঁটি করতে যান। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে ছাদের পাশ দিয়ে টানা বৈদ্যুতিক তারের ওপর পড়ে যান। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বিকট শব্দ শুনে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মাত্র ৯ দিন আগে ওয়াকিলের বাবা জাকির মিয়া মারা যান। পরিবারের সেই শোক কাটিয়ে ওঠার আগেই একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে কেউ অবগত করেননি। এ পর্যন্ত কোনো অভিযোগও পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

