
আন্তর্জাতিক ‘বিজিসি স্টার অ্যাওয়ার্ড’ জয় করলেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী
পেশাদারিত্ব ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা ‘বিজিসি স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী। ভারতের হায়দরাবাদের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ সাতাশ বছর ধরে অত্যন্ত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে তাকে এই আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। ব্রিটিশ গ্র্যাজুয়েট কলেজ (বিজিসি), হায়দরাবাদ-ভারত এই অনুষ্ঠানের আয়োজন করে।
এবারের আয়োজনে বিনোদন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আরও সম্মাননা লাভ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, রুনা খান, তানজিকা আমিন, অভিনেতা রাশেদ মামুন অপু, সাইফুর রহমান ইভান, সৈয়দা কামরুন্নাহার শাহনুর এবং আল মাসিদ রণ।
ড. হুসাইন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ড গদানস্ক দ্য ইউনিভার্সিটি অব ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের রেক্টর ইয়ান জাখারেভিচ এবং বিশ্ববিদ্যালয় সহযোগিতা বিষয়ক দপ্তরের পরিচালক মি. তোমাস ইয়ানোশ।
অতিথি হিসেবে আরও অংশ নেন রোক্লোর ফ্রান্সের অনারারি কনসাল দিদিয়ের গুইজি, শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মিজানুর রহমান, ওয়ারশ’র প্রতিনিধি মাহবুব সিদ্দিকী, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. খলিলুল কাইয়ুম এবং স্কুল অব টেরা নোভা’র পরিচালক সেরগিউশ চুলকোভস্কি। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেশিয়া অঞ্চলে বাংলাদেশের অনারারি কনসাল ওমর ফারুক এবং ড. হুবার্ট কোস্তা সারগন।
আন্তর্জাতিক সম্মাননাপ্রাপ্ত মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী গত ২৭ বছরেরও বেশি সময় ধরে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। বর্তমানে তিনি লন্ডন বাংলা পত্রিকার কূটনৈতিক অ্যাসাইনমেন্টে ভারতের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্লোবাল টেলিভিশন, সমকাল, ভোরের কাগজ, যুগান্তর, কালের কণ্ঠ, মানবকণ্ঠ ও সংবাদ সংস্থা এফএনএসসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশের অন্যতম পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ‘দৈনিক আজকের কথা’ এবং ইংরেজি পোর্টাল ‘জয় বাংলার জয় ডটকম’ (joybanglarjoy.com)-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন।

