
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন ৮ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৯ মে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
একই সঙ্গে আবুল হাশেম ভূঁইয়াকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটি
আহ্বায়ক:
- আবুল হাশেম ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি (দাউদকান্দি)।
যুগ্ম আহ্বায়করা:
- সৈয়দ তৌফিক আহমেদ মীর, (মুরাদনগর)।
- আব্বাস উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি (মেঘনা)।
- মো. মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি।
- অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু। (সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল)
- ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, সাবেক যুগ্ম সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি (দেবীদ্বার)।
- ওসমান গণি ভূঁইয়া, সভাপতি, তিতাস উপজেলা বিএনপি।
- সুফিয়া বেগম, সভাপতি, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এবং দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত এ আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কাউন্সিল আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
“এই কমিটি সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।”
— সুফিয়া বেগম
যুগ্ম আহ্বায়ক-—
নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটি
কুমিল্লা উত্তর জেলা বিএনপি
অপরদিকে, বিলুপ্ত কমিটির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমি বর্তমানে একটি সভায় আছি। এ বিষয়ে পরে কথা বলব।”

