প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

রাবিপ্রবির ফরেস্ট্রি বিভাগে মাস্টার্স কোর্সের যাত্রা শুরু

রাবিপ্রবিতে ফরেস্ট্রি বিভাগের মাস্টার্স কোর্স উদ্বোধন
আজকের কথা ডেস্ক

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে মাস্টার্স কোর্স চালুর মাধ্যমে উচ্চশিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্টার্স কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন,

“ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে মাস্টার্স কোর্স চালু হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এ বিভাগের পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে, যা শিক্ষার্থীদের বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে।”

তিনি আরও বলেন, রাঙ্গামাটির প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের পরিবেশ, বন, মাটি ও পানি বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের অনন্য সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে ‘অ্যাডভান্সড জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং’, ‘অ্যাডভান্সড সয়েল অ্যান্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ এবং ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন’ বিষয়ক কোর্স শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার দক্ষতা অর্জনে সহায়ক হবে। ভবিষ্যতে তারা দেশীয় উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা। তিনি বিভাগের পথচলা এবং করোনাকালীন নানা চ্যালেঞ্জ অতিক্রমের স্মৃতিচারণ করে প্রথম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

পরে বিভাগের প্রভাষক ছায়েদুল আমিন মাস্টার্স কারিকুলাম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সহযোগী অধ্যাপক ড. মো. আবু তালেব বিভাগের বিভিন্ন একাডেমিক অর্জন তুলে ধরেন। শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন তাসনিয়া মেহেরুন।

বিভাগীয় সূত্রে জানা গেছে, এফইএস বিভাগের অনার্স প্রথম ব্যাচ থেকে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৮ জন শিক্ষার্থীকে মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচে ভর্তি করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সঞ্চিতা চক্রবর্তী।

অনুষ্ঠান শেষে এ ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

প্রিন্ট করুন