প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

কুমিল্লা উত্তর বিএনপির নতুন কমিটিতে চমক, মুরাদনগরের তৌফিক মীর ১ নম্বর যুগ্ম আহ্বায়ক

নতুন কমিটিতে মুরাদনগরের তৌফিক মীরের উত্থান, বদলে গেল সমীকরণ
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, সম্পাদক :

কুমিল্লা উত্তর বিএনপির নতুন নেতৃত্বে মুরাদনগরের তৌফিক মীর, দেবীদ্বারের দুই নেতাও যুগ্ম আহ্বায়ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। নবগঠিত এ কমিটিতে মুরাদনগরের নেতা সৈয়দ তৌফিক আহমেদ মীরকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে দেবীদ্বারের দুই নেতাও গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।

সোমবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আবুল হাশেম ভূঁইয়াকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া বেগম।

দেবীদ্বার থেকে নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী এবং দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম। দুজনই যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।

এর আগে আহ্বায়ক আক্তার হোসেন সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।

প্রিন্ট করুন