প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক, গবেষণায় খুলছে নতুন দিগন্ত

নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান
আজকের কথা ডেস্ক

গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে ‘পেটেন্টস টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) সার্ভিসেস’ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ডিপিডিটির পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন।

পরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে ‘টিআইএসসি সার্ভিসেস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এ সমঝোতা চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা পেটেন্ট, শিল্প-নকশা এবং ট্রেডমার্ক বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি তাদের উদ্ভাবন ও গবেষণালব্ধ সাফল্যের আইনি সুরক্ষা নিশ্চিত করা আরও সহজ হবে।

তিনি বলেন, “শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরে সীমাবদ্ধ না থেকে এর কার্যকর বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। খুব শিগগিরই নোবিপ্রবিতে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোসহ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) প্রতিষ্ঠা করা হবে।”

উপাচার্য আরও বলেন, গবেষকদের মৌলিক উদ্ভাবন বা বুদ্ধিবৃত্তিক সম্পদ যাতে অন্য কেউ নিজের নামে দাবি করতে না পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এ সমঝোতা চুক্তির মাধ্যমে নোবিপ্রবির গবেষণা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হলো। এর ফলে গবেষকদের উদ্ভাবন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে সরকার পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক নিবন্ধনে সহায়তা দিয়ে যাচ্ছে। নোবিপ্রবিতে টিআইএসসি প্রতিষ্ঠিত হলে গবেষকেরা আন্তর্জাতিক পেটেন্ট তথ্যভান্ডার ও প্রযুক্তিগত সম্পদ ব্যবহারের সুযোগ পাবেন।

নোবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং টিআইএসসি’র ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, এ কেন্দ্র চালু হলে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা পেটেন্ট ও ট্রেডমার্ক নিবন্ধন, মেধাস্বত্ব সুরক্ষা, প্রযুক্তি স্থানান্তর এবং গবেষণার বাণিজ্যিকীকরণে প্রয়োজনীয় আইনি ও কারিগরি সহায়তা পাবেন। পাশাপাশি বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও)-এর সঙ্গে গবেষকদের কার্যকর সংযোগও তৈরি হবে।

নোবিপ্রবি আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিপিডিটির উপ-পরিচালক মো. হাবিবুর রহমান এবং লুব-রেফ বাংলাদেশ লিমিটেড (বিএনও লুব্রিক্যান্টস)-এর পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন