
বাংলাদেশের সংসদীয় কূটনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন মৌলভীবাজারের কৃতি সন্তান ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। জাতীয় সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে চিফ হুইপ প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।
এর মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়ার পর জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির নেতৃত্বেও আসীন হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
রাজনীতিতে যোগদানের আগে তিনি দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (ডেপুটি সিইও) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে রাজনীতিতে সক্রিয় হয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
শিক্ষাগত ও পেশাগত যোগ্যতায়ও তিনি সমৃদ্ধ। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে ব্যারিস্টারি (বার-অ্যাট-ল) সম্পন্ন করার পাশাপাশি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ কোর্স সম্পন্ন করেছেন।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজারের চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি নিজের পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আইন, করপোরেট ব্যবস্থাপনা এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক কূটনৈতিক প্রেক্ষাপটে তার নেতৃত্ব দেশের সংসদীয় কূটনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা মনে করছেন।

