প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসানের মৃত্যু, ক্যাম্পাসে শোক

সড়ক দুর্ঘটনায় নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান
আজকের কথা ডেস্ক

বোনের বিয়ে থেকে আর ফেরা হলো না, সড়কে ঝরে গেল নজরুল বিশ্ববিদ্যালয়ের জাহিদ

সড়ক দুর্ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান নিহত হয়েছেন। বুধবার (১৩ জুলাই) রাতে টাঙ্গাইলে মামাতো বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সহকারী অধ্যাপক আলিম মিয়া। তিনি জানান, বিয়ের অনুষ্ঠান শেষে জাহিদ সিএনজিচালিত একটি অটোরিকশায় ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেন। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, জাহিদ হাসানের বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায়। তার বাবা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুই ভাইয়ের মধ্যে জাহিদ ছিলেন ছোট।

তার আকস্মিক মৃত্যুতে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

সহপাঠী ইরান মিয়া বলেন, “জাহিদ হাসান আমাদের সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল। চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনে তার সঙ্গে কারও কোনো মনোমালিন্য হয়নি। সে ছিল ভদ্র, শান্ত-স্বভাবের এবং সবার বিপদে পাশে থাকা একজন মানুষ।”

শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে তিনি বলেন, “বুধবারই ছিল জাহিদের সঙ্গে আমাদের শেষ দেখা। এরপর সে মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যায়। তখনও ভাবিনি সেটিই হবে আমাদের শেষ দেখা।”

সহপাঠীদের ভাষ্য, জাহিদের বিনয়ী, আন্তরিক ও বন্ধুসুলভ আচরণের কারণে শিক্ষক-শিক্ষার্থী সবার কাছেই তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

প্রিন্ট করুন