
বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনা: হামলার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে, আটক ছাত্রলীগের ২১ নেতা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংঘর্ষের পর উল্টো ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহ-সভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে নেতাকর্মীরা ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের স্মরণে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন।
অভিযোগ রয়েছে, মিছিলের খবর পেয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মিছিলে বাধা দেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী দাবি করেন, তারা ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
অন্যদিকে, স্থানীয়দের একাংশের দাবি, ছাত্রলীগের শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয় এবং পরে ঘটনাস্থল থেকে ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা ও হামলার ঘটনায় ছাত্রলীগের ২১ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

