প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

২০ বছরের নির্বাসন শেষে কলকাতায় ফিরছেন তসলিমা, অলিখিত নিষেধাজ্ঞার অবসান

দুই দশকের অপেক্ষার অবসান, কলকাতায় ফিরছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন
আজকের কথা ডেস্ক

২০ বছর পর ‘মুক্ত বাংলায়’ তসলিমার প্রত্যাবর্তন, কলকাতায় সংবর্ধনা ১ আগস্ট

দীর্ঘ প্রায় দুই দশকের অলিখিত নির্বাসন নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফিরছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা ও মানবাধিকারকর্মী তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার ঐতিহাসিক রবীন্দ্র সদনে ধর্মীয় মৌলবাদবিরোধী একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রত্যাবর্তনকে মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই কলকাতায় ফেরার বিষয়টি নিশ্চিত করেন তসলিমা নাসরিন। পোস্টে তিনি লেখেন, “২০ বছর পর এক মুক্ত বাংলায় প্রত্যাবর্তন।”

দুই দশকের অপেক্ষার অবসান, কলকাতায় ফিরছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন

জানা গেছে, ‘সেক্যুলার মিশন’, ‘পশ্চিমবঙ্গের জন্য’ এবং ‘হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স (এইচআরবিএফ)’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। মুক্তচিন্তা, মানবাধিকার এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের অবস্থানের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে তার কবিতা আবৃত্তি, লেখার ওপর ভিত্তি করে সংগীত পরিবেশন এবং নির্বাসিত জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের।

আয়োজক কমিটির সদস্য আইনজীবী ওসমান মল্লিক ও মোহিত রায় বলেন, তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে প্রবেশে আইনগত কোনো বাধা ছিল না। তবে পূর্ববর্তী সরকারগুলোর আমলে রাজনৈতিক কারণে তাকে কলকাতায় ফিরতে দেওয়া হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং কলকাতায় ফেরাকে স্বাগত জানানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে তার ভিসা নবায়ন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হলেও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে তা নিরসন হয়। পরে ২০২৫ সালে রাজ্যসভায়ও তার কলকাতায় ফেরার দাবি জোরালোভাবে উত্থাপিত হয়েছিল।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ‘লজ্জা’ উপন্যাস প্রকাশের পর মৌলবাদীদের তীব্র বিরোধিতার মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তসলিমা নাসরিন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কিছু সময় কাটানোর পর ২০০৪ সালে তিনি কলকাতায় বসবাস শুরু করেন। তবে ২০০৭ সালে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ প্রকাশের পর সৃষ্ট বিতর্কের জেরে তৎকালীন বামফ্রন্ট সরকার তাকে পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করে। পরবর্তীকালে দীর্ঘ সময় তার কলকাতায় ফেরা সম্ভব হয়নি। প্রায় ২০ বছর পর সেই অধ্যায়ের অবসান ঘটিয়ে আবারও কলকাতায় ফিরছেন আলোচিত এই লেখিকা।

প্রিন্ট করুন