প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

‘আমি প্রতারণা করিনি’— ১৬ বছর পর নীরবতা ভাঙলেন প্রভা

দীর্ঘ ১৬ বছর পর অতীতের বিতর্ক, সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা বক্তব্য দেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
আজকের কথা ডেস্ক

আমি কখনোই প্রতারণা করিনি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দীর্ঘ ১৬ বছর পর নিজের অতীত জীবন, ব্যক্তিগত সম্পর্ক এবং সেই সময়ের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি দাবি করেছেন, কারও সঙ্গে তিনি কোন প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি; বরং ঘটনার পেছনে আরও অনেক অজানা বাস্তবতা ছিল।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে প্রভা তার জীবনের আলোচিত অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেন। দীর্ঘদিনের নানা গুঞ্জন ও সমালোচনার প্রসঙ্গে তিনি জানান, তাকে ঘিরে যে ধারণা তৈরি হয়েছে, সেটি পুরো সত্য নয়।

“আমি প্রতারণা করিনি। ঘটনার পেছনে আরও অনেক ঘটনা ছিল। বিয়ে পর্যন্ত যেন বিষয়টি না গড়ায়, সে জন্য পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিকে আগেই জানিয়েছিলাম।”
— সাদিয়া জাহান প্রভা, অভিনেত্রী

প্রভা বলেন, “আমাকে অনেকেই বলেন, আমি বিশ্বাসভঙ্গ করেছি। কিন্তু আমি প্রতারণা করিনি। প্রতিটি ঘটনার পেছনে আরও অনেক ঘটনা থাকে। বিয়ে পর্যন্ত যেন বিষয়টি না গড়ায়, সে জন্য আমি প্রায় ১৫-২০ দিন ধরে আমার পরিবার এবং যার সঙ্গে আমার এনগেজমেন্ট হয়েছিল, দুপক্ষকেই বোঝানোর চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, সে সময় পারিবারিকভাবে সম্পর্কটি নিয়ে আপত্তি ছিল। তার ভাষায়, “আমার পরিবার শুরু থেকেই সম্পর্কটির বিপক্ষে ছিল। নানা কারণে তারা এটি মেনে নিতে পারেনি।”

এনগেজমেন্ট ভেঙে যাওয়ার প্রসঙ্গে প্রভা জানান, বিষয়টি কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ছিল না। তিনি বলেন, “এনগেজমেন্ট ভাঙা সহজ ছিল না। আমাদের মধ্যে প্রায় ৯-১০ মাসের দূরত্ব ছিল। সেই সময়টায় সম্পর্ক ভাঙা-জোড়া লাগার মতো পরিস্থিতি চলেছে। পরে আমার জীবনে যা কিছু ঘটেছে, তা আমি সততার সঙ্গেই সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়েছি। কোনো কিছুই গোপন ছিল না।”

সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, “আমাকে যারা ভালোবাসেন, তারা জানেন আমি কত কঠিন সময় পার করেছি। আমি শুধু এটুকুই বলতে চাই—আমি প্রতারণা করিনি। এমনও হয়নি যে একদিন হঠাৎ ফোন করে বা সংবাদপত্রে দেখে কেউ জানতে পেরেছে আমি বিয়ে করে ফেলেছি।”

ব্যক্তিগত জীবনের পুরোনো বিতর্ক নিয়ে দীর্ঘদিন নীরব থাকার পর এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন সাদিয়া জাহান প্রভা। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রিন্ট করুন