
কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনাস্থলে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার সুবিল ইউনিয়নের তাহের পুলিশের বাড়ি সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দেবীদ্বারে অবৈধ মাটি কাটায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো আরো ২ ড্রেজার
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমোদনহীনভাবে ড্রেজার ব্যবহার করে মাটি কাটার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে ঘটনাস্থলে থাকা দুটি ড্রেজার মেশিন তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের ভাষ্য, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানিয়েছেন, জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বিচারে ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে তারা ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, “অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

