
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপালগঞ্জের ১৬ জুলাইয়ের ঘটনাকে ‘হত্যা দিবস’ উল্লেখ করে কুমিল্লার দেবীদ্বারে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা (উত্তর) জেলা শাখার উদ্যোগে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জের ১৬ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে দেবীদ্বারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আয়োজকদের দাবি, এটি গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ।
মিছিলে নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা শাখার সহ-সভাপতি মো. জহির উদ্দিন, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আসাদুজ্জামান রনি, যুগ্ম আহ্বায়ক ইমরান আরেফিন ইমুসহ অন্যান্য নেতাকর্মী।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে” এবং *দেবীদ্বারের মাটি, কালাম ভাইয়ের ঘাঁটি”*সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দেবীদ্বার উপজেলা শাখার আহ্বায়ক মো. আসাদুজ্জামান রনি বলেন, “দেশ ও দেশের মানুষকে রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ এবং আওয়ামী লীগের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৬ জুলাই গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে সারা দেশের অংশ হিসেবে দেবীদ্বারেও এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।”

