
ঝালকাঠি শহরের গুরুধাম এলাকায় চলমান নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও দাবি-দাওয়ার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে নদীভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
গুরুধাম এলাকার নদীভাঙনকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “গুরুধাম এলাকার নদীভাঙন একটি গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক সমস্যা। ভাঙন প্রতিরোধে কিছু কাজ ইতোমধ্যে চলমান রয়েছে। তবে মানুষের জানমাল, বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে। জনগণের স্বার্থ রক্ষায় সরকার সবসময় আন্তরিক।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা।
এদিকে, স্থানীয়রা দীর্ঘদিনের নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে এবং নতুন নতুন এলাকা ঝুঁকির মুখে পড়বে।

