প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান
আজকের কথা ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার মাহারাজপুর ফিল্টারহাট এলাকার মহানন্দা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হাসিব মাহারাজপুর ফিল্টারহাট গ্রামের বাসিন্দা বাশিরের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিব তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পিকনিকে এসে মহানন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। এ সময় দুই শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হাসিব পানির স্রোতে নিখোঁজ হয়ে যায়।

মহানন্দা নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করলেও সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব এখনও নিখোঁজ। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদীতে তল্লাশি শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

প্রিন্ট করুন