প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় হামলা-ভাঙচুরের অভিযোগ, কলাবাগান কেটে হত্যার হুমকি

নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী কর্মকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত কলাবাগান ও ভুক্তভোগী পরিবারের সদস্য।
আজকের কথা ডেস্ক

মাদকবিরোধী অবস্থানের ‘মাশুল’! কলাবাগান কেটে হামলার অভিযোগ, থানায় মামলা

নরসিংদীর শিবপুর উপজেলার আলীনগর এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জেরে দুই ভাইকে লক্ষ্য করে হামলা, কলাবাগান কেটে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অবস্থান নেওয়ায় তারা প্রতিশোধের শিকার হয়েছেন।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ব্রজেরকান্দি এলাকায় মোক্তার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এর আগের দিন আলীনগর গ্রামে তার ভাই আখতারুজ্জামানের ফলনধরা কলাবাগান কেটে নষ্ট করে দেওয়া হয়। এ ঘটনায় মোক্তার হোসেন বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী আখতারুজ্জামান জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজকে সঙ্গে নিয়ে তারা ‘আলীনগর আদর্শ যুব সংঘ’ নামে একটি মাদকবিরোধী সংগঠন গড়ে তুলেছেন। সংগঠনের মাধ্যমে মাদকবিরোধী প্রচার-প্রচারণা, সচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কাজ করছিলেন তিনি ও তার ভাই মোক্তার হোসেন।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে যুক্ত থাকার কারণেই হামলা, কলাবাগান কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

তার দাবি, এসব কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মাদক কারবারি ও মাদকসেবীরা দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় একদল দুর্বৃত্ত তার ফলনধরা কলাগাছ কেটে ফেলে এবং পরদিন তার ভাই মোক্তার হোসেনের ওপর হামলা চালায়।

আখতারুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে কাজ করায় আমাদের পরিবারকে টার্গেট করা হয়েছে। আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে এবং আমার কলাবাগান নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী সামাজিক উদ্যোগে জড়িত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শিবপুর মডেল থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

প্রিন্ট করুন