প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

দেবীদ্বারে ইয়াবা বিক্রির সময় দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ১৫ পিস ইয়াবা

দেবীদ্বার থানায় ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারির ছবি।
এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক :

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ইয়াবা বিক্রির সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে দেবীদ্বার থানার নৈশ টহলরত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজামেহার ইউনিয়নের রাজামেহার হাফেজিয়া মাদ্রাসার পেছনে অভিযান চালায়। অভিযানে ইয়াবা বিক্রির সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৫ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ১৬০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। পলাতক আরেক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজামেহার গ্রামের নুরু ডাক্তার বাড়ির জামাল হোসেনের ছেলে মো. ফয়েজ আহমেদ (৩০) এবং একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক (২৮)।

পুলিশ জানায়, তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা এবং বিক্রির নগদ ৩ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানান, তারা গত কয়েক মাস ধরে পার্শ্ববর্তী উখারী গ্রামের আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মো. ইব্রাহিমের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজামেহার হাফেজিয়া মাদ্রাসার পেছনে বিক্রি করে আসছিলেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া ফয়েজ আহমেদ, ওমর ফারুক এবং পলাতক মাদক ব্যবসায়ী মো. ইব্রাহিমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে শনিবার (১৮ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন