প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনা, আহত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম

সড়ক দুর্ঘটনার পর আহত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম।
এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক :

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকায় কামাল চেয়ারম্যানের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) স্থানান্তর করা হয়।
দেবীদ্বার পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন ভুলু পাঠান জানান, দুর্ঘটনায় সুফিয়া বেগম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। হাসপাতালে নেওয়ার সময় তিনি অচেতন ছিলেন। সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।

চান্দিনার দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে আহত হন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম। প্রাথমিক চিকিৎসার পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতা এআর আহমেদ জানান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার উপস্থিতিতে চান্দিনায় অনুষ্ঠিত বিএনপির একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সুফিয়া বেগম। অনুষ্ঠান শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের গুঞ্জর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
উল্লেখ্য, সুফিয়া বেগম সম্প্রতি ঘোষিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এছাড়া তিনি কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এবং দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রিন্ট করুন