
বাংলাদেশ মুক্তিকামী জনতা পার্টির কুমিল্লা জেলা শাখার ২৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট মো. মবিনুল হককে আহ্বায়ক এবং আব্দুর রশিদ মাস্টারকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী সমাজ গবেষণা কেন্দ্রে আয়োজিত এক কর্মীসভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
মো. কমরুদ্দিনের সভাপতিত্বে এবং আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিকামী জনতা পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. মমিনুল হক।
২৯ সদস্যের কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটি গঠনের পর বাংলাদেশ মুক্তিকামী জনতা পার্টির নেতাকর্মীরা চান্দিনায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক দাবিতে প্রতিবাদ জানান।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য ও কৃষক সমিতি কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, কুমিল্লা কবি পরিষদ দেবীদ্বার শাখার আহ্বায়ক মো. মোসলেহ উদ্দিন মিছির মাস্টার এবং বাংলাদেশ যুব ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সভাপতি একেএম মিজানুর রহমান কাউছারসহ আরও অনেকে।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মফিজুল ইসলাম ও মো. আমিনুল ইসলামকে। যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. নাজির আহমেদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. রাকিবুল ইসলাম, আবুল খায়ের, মো. জহিরুল ইসলাম, আয়শা বেগম, হাসিবুল ইসলাম, খালেদা বেগম, জয়নাল আবেদীন, পারুল বেগম, কমরুদ্দিন, রুবী আক্তার, আলতাফ হোসেনসহ মোট ২৯ জন।
কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চান্দিনা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত গোপন চুক্তি বাতিল, মব সন্ত্রাস ও লুটপাট বন্ধ, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং ঘুষ, দুর্নীতি, হত্যা, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।

