
বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়ে ফিরল লাশ; স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর যুবকের আত্মহত্যা
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রায়হান কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ থেকে ছয় মাস আগে বিয়ে করেন। পরিবারের সদস্যরা জানান, সোমবারই তার পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা হাতে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখেন রায়হান। ভোররাতে বাড়ি ফিরে দেরিতে ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়।
একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলে রায়হান আত্মহত্যার হুমকি দেন। কিছু দূর যাওয়ার পর স্ত্রী আবার ফিরে এসে ঘরে ঢুকে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন তার স্বামী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

