প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

এআই নয়, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি; ভাইরাল ভিডিও ঘিরে চাপে সাতক্ষীরার জামায়াত এমপি

জামায়াত নেতা ও তরুণী।
ফাহিমা বেগম প্রিয়া, বিশেষ প্রতিবেদক :

এআই নয়, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি; ভাইরাল ভিডিও ঘিরে আলোচনায় সাতক্ষীরার জামায়াত এমপি

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটি প্রকাশের পর প্রথমে দলীয় মিডিয়া-সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্ম এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করলেও, পরে স্থানীয় জামায়াত নেতারা ভিডিওতে থাকা তরুণীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেছেন।

সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে কখনো তাকে মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ কয়েকটি পোস্টে দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও।

তবে তথ্য যাচাইকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাথমিক বিশ্লেষণে ভিডিওটিতে এআই প্রযুক্তি ব্যবহার বা ডিজিটাল কারসাজির কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। তাদের মতে, ভিডিওটি বাস্তব হওয়ার সম্ভাবনাই বেশি।

সিসিটিভি ফুটেজে থাকা টাইমস্ট্যাম্প অনুযায়ী, ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে এটি কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। এমপি গাজী নজরুল ইসলাম তাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে।

তিনি আরও বলেন, ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, তা দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে দ্বিতীয় বিয়ে কবে হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি জানাতে পারেননি। তার ভাষ্য, বেশ কিছুদিন আগে বিয়েটি সম্পন্ন হয়েছে বলে তারা জেনেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যাওয়া তরুণীর বয়স কম হওয়ায় বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে। একটি বায়োডাটায় তার জন্মতারিখ অনুযায়ী বর্তমান বয়স প্রায় ১৮ বছর ২ মাস বলে উল্লেখ রয়েছে। ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ওই বায়োডাটায় তরুণী নিজেকে অবিবাহিত হিসেবে উল্লেখ করেছেন। সেখানে আরও বলা হয়েছে, তিনি ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেছেন। তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে তার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবিতে জামায়াতে ইসলামীর ব্যানার হাতে থাকা পরিবারের এক সদস্যের ছবি দেখা গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তার পরিবারও দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও দাবি থেকে পরে ভিডিওতে থাকা তরুণীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে স্বীকার করার ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওটি প্রকাশের উৎস এবং এর পেছনের ঘটনা নিয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন