বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ও বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর সেই বনি আমিনের ওপর ইতালির রাজধানী রোমে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি সড়কে এ হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে এক ব্যক্তি বনি আমিনকে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করে। পরে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে ফেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দেওয়া কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ইতালির রোমে একদল যুবকের হামলার শিকার হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে ধাওয়া করে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার দৃশ্য দেখা যায়। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। তাদের কথাবার্তায় বাংলাদেশি আঞ্চলিক ভাষার টানও স্পষ্ট। হামলার সময় বনি আমিনকে বারবার ‘মৌলবাদী, রাজাকার, জঙ্গি’ বলে সম্বোধন করতে এবং একে অপরকে হামলায় উসকানি দিতে দেখা যায়।
তবে হামলার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি উঠলেও সেগুলোর কোনোটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর মধ্যে বনি আমিন মদ্যপ ছিলেন কি না অথবা রাজনৈতিক মতভিন্নতার কারণে এ ঘটনার সূত্রপাত হয়েছে কি না—এসব বিষয়ও নিশ্চিত নয়।
নোয়াখালীর হাতিয়া উপজেলার সন্তান বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়ার নাগরিক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী। বিশ্বের ৮০টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জনপ্রিয়তা অর্জন করেছেন। ভ্রমণের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও তিনি বিভিন্ন সময় বিতর্কিত মতামত প্রকাশ করে থাকেন।
বিদেশের মাটিতে একজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন হামলার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

