
দেশবাসীর দোয়া চান ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ, সিঙ্গাপুরে আজ হিপ রিপ্লেসমেন্ট অপারেশন
অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় তার হিপ রিপ্লেসমেন্ট (বাম নিতম্ব) অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রীর মামা, প্রবীণ সমাজসেবক ও রাজনীতিক সৈয়দ একেএম কায়েস আহমেদ মীর।
বৃহস্পতিবার রাতে টেলিফোনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে সৈয়দ কায়েস আহমেদ মীর জানান, ধর্মমন্ত্রী বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, “ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বিগত সরকারের সময়ে নানা নির্যাতনের শিকার হয়েছেন। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার দেশ ও মানুষের সেবায় ফিরে আসতে পারেন। দেশবাসীর কাছে তার জন্য আন্তরিক দোয়া কামনা করছি।”
এদিকে ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। এতে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেম-উলামা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মামা সৈয়দ একেএম কায়েস আহমেদ মীর। একই সঙ্গে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পা ও কোমরের (বাম নিতম্ব) জটিল সমস্যায় ভুগছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। আজ তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নিজের সুস্থতার জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল হযরত আবু বক্কর আল ইসলামিয়া মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হাফেজ শুয়াইবুল হোসাই শাহজাহান মুন্সীও ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তির জন্য সর্বস্তরের আলেম-উলামা, তাওহিদী জনতা ও দেশবাসীকে মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

