প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

৭ শিক্ষক বদলির জেরে উত্তাল কুমিল্লা মহিলা কলেজ, সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা

শিক্ষক বদলির সিদ্ধান্তে উত্তাল কুমিল্লা মহিলা কলেজ, প্রতিবাদে ক্যাম্পাস ছাড়িয়ে সড়কে শিক্ষার্থীরা
ফাহিমা বেগম প্রিয়া, বিশেষ প্রতিবেদক :

উপাধ্যক্ষসহ সাত শিক্ষককে একযোগে বদলির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ। বদলির আদেশ প্রত্যাহার ও শিক্ষকদের পুনর্বহালের দাবিতে শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

‘কুমিল্লা সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজটিতে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকট রয়েছে। নতুন শিক্ষক নিয়োগ না দিয়েই একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

একসঙ্গে ৭ শিক্ষক বদলির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা; ক্যাম্পাসে বিক্ষোভ, পুনর্বহালের জোর দাবি।

বিক্ষোভ চলাকালে বদলি হওয়া ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত থাকার অনুরোধ জানান। তিনি হাতজোড় করে বলেন, সরকারি চাকরিই তার পরিবারের একমাত্র অবলম্বন। এমন কোনো কর্মসূচি না দিতে শিক্ষার্থীদের অনুরোধ করেন, যাতে তার চাকরি ঝুঁকির মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ব্যানার সরিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, জনপ্রিয় ও দক্ষ শিক্ষকদের এভাবে সরিয়ে দেওয়া শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হবে। বিশেষ করে ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসীনের বদলি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই ভারী বর্ষণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র জলাবদ্ধ হয়ে পড়ে। হাঁটু থেকে কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের দৃশ্য দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। ঘটনার পর ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কলেজটির উপাধ্যক্ষসহ সাত শিক্ষককে ওএসডি করে দেশের বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করা হয়। এরপর থেকেই বদলির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয় এবং শিক্ষার্থীরা এর প্রতিবাদে আন্দোলনে নামেন।

প্রিন্ট করুন