প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

দেবীদ্বারে প্রবাসীকে অপহরণের চেষ্টা: আর্জেন্টাইন সমর্থকসহ আটক ৫

দেবীদ্বারে প্রবাসীকে অপহরণের চেষ্টা: আর্জেন্টাইন সমর্থকসহ আটক ৫
এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক :

কুমিল্লার দেবীদ্বারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাস স্ট্যান্ড এলাকা থেকে বিল্লাল হোসেন (২৯) নামে এক সৌদী প্রবাসীকে অপহরণ ও রগ কাটার চেষ্টার সময় পাঁচজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃতদের মধ্যে একজন আর্জেন্টিনার জার্সি পরিহিত ছিলেন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বাগুর বাস স্ট্যান্ডের ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিল্লাল হোসেন মুরাদনগর উপজেলার দৈয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। ছুটি শেষে সৌদী আরব ফেরত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

শনিবার (১ আগস্ট) বিকেলে ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে আটক ৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে অভিযুক্ত করে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

আটককৃত আসামিরা হলেন— মুরাদনগরের দৈয়ারা গ্রামের মোঃ ইউসুফ (২৯) ও জুয়েল রানা (২৫), দেবীদ্বারের গাংচর গ্রামের মোঃ তানভীর আহম্মেদ সরকার (২৫), এবং দাউদকান্দির মাসুদ রানা (২৬) ও আমির হামজা (২১)।

মামলার বিবরণ ও ভুক্তভোগীর তথ্যানুযায়ী, চান্দিনা সদরের শ্বশুরবাড়ি থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাত দেড়টার দিকে বাগুর বাস স্ট্যান্ডের ওভারব্রিজের নিচে বাসের জন্য অপেক্ষা করছিলেন বিল্লাল। এসময় একটি পাজেরো গাড়ি ও একটি মাইক্রোবাসে করে আসা ১০-১২ জনের একদল সন্ত্রাসী তাঁকে জোরপূর্বক তুলে নেয় এবং গাড়ির ভেতরে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা নগদ ৬৬ হাজার ১২০ টাকা ও ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের আইফোন ১৫ প্রো ম্যাক্স ছিনিয়ে নেয়।

একপর্যায়ে অপহরণকারীরা ছোরা বের করে তাঁর হাত ও পায়ের রগ কাটার চেষ্টা করলে বিল্লাল প্রাণ বাঁচাতে চারজনকে সজোরে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশেপাশের ফল ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এসে পাঁচজনকে ধরে গণধোলাই দেন, তবে বাকিরা গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে পুলিশ এসে আটককৃতদের হেফাজতে নেয় এবং আহত প্রবাসীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।

মামলার বাদী বিল্লাল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী ইউসুফ ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে তাঁকে অপহরণ ও হত্যার চেষ্টা চালিয়েছিল। এর আগে গত ৩০ জুলাই ইউসুফ গং তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, “জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রবাসীকে অপহরণের চেষ্টা করা হয়েছিল। স্থানীয় জনতার হাতে আটক পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

প্রিন্ট করুন