প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

দেশের সব দাখিল, আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী :

১৫ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি গঠনের নির্দেশ, সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী হবে সভাপতি মনোনয়ন

দেশের সব বেসরকারি দাখিল, আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুসারে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এসএম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৩০ জুলাই জারি করা নির্দেশনার আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা-২০২৫’-এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।

একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা (এসআরও নং-৮৯-আইন/২০২৬) অনুযায়ী নতুন অ্যাডহক কমিটি গঠনের পদ্ধতি ও শর্তও নির্ধারণ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

নতুন নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ বা সুপার স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন। এ প্যানেলে শিক্ষানুরাগী ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে। পরে অন্যান্য সদস্যের মনোনয়নের প্রস্তাবসহ তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে অনুমোদনের জন্য পাঠাতে হবে।

সিটি করপোরেশন এলাকায় অবস্থিত দাখিল ও আলিম মাদ্রাসার ক্ষেত্রে পৃথক বিধান রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, এ সংক্রান্ত জরুরি নির্দেশনা দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন