
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও; এমপি কায়কোবাদসহ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বক্ষণিক খোঁজখবর, দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম. গোলাম সারোওয়ার রাব্বী হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা এই প্রশাসনিক কর্মকর্তা আজ একটি জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারের (ব্রেইন অপারেশন) মুখোমুখি হচ্ছেন।
তার দ্রুত সুস্থতা কামনায় পরিবার, সহকর্মী, স্থানীয় প্রশাসন এবং মুরাদনগরবাসীর পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আবেদন জানানো হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন—এ কামনাই করছেন সর্বস্তরের মানুষ।

চিকিৎসার খোঁজ রাখছেন শীর্ষ ব্যক্তিরা
ইউএনও সারোওয়ার রাব্বীর অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। একই সঙ্গে তার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিয়মিত তদারকি করছেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ কায়েস আহমদ মীর।
দোয়ার আহ্বান জনপ্রতিনিধিদের
১৯ নম্বর দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার ইউএনওর আশু সুস্থতা কামনা করে বলেন,
“তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মুরাদনগরের মানুষের সেবা করে যাচ্ছেন। আজ তার মাথার অপারেশন হবে। মুরাদনগর ও নবগঠিত বাঙ্গরা উপজেলার ২২টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আমার বিনীত আহ্বান, সবাই তার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করবেন।”
বর্তমানে ইউএনও সারোওয়ার রাব্বী বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ এ. বি. এম. গোলাম সারোওয়ার রাব্বী মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্যও তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে গত ১৪ জুলাই ২০২৬ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে তাকে এ অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

