প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

গ্যাস সংকটে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

গ্যাস সংকটে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ফাহিমা বেগম প্রিয়া, বিশেষ প্রতিবেদক :

গ্যাস সরবরাহে সংকট, যানবাহনের অতিরিক্ত চাপ এবং টানা বৃষ্টির কারণে কুমিল্লার দাউদকান্দি অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন।

বুধবার (৫ আগস্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। যানজটের কারণে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করতে থাকে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস জানান, ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এর সঙ্গে বৃষ্টি ও গ্যাস সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চালকরা গৌরীপুরের একটি চালু স্টেশনে ভিড় করেন। এতে মহাসড়কের একপাশজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়।

সরেজমিনে দেখা যায়, কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় শত শত ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন গৌরীপুরের একটি স্টেশনে গ্যাস নেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এসব যানবাহন মহাসড়কের একটি লেন দখল করে রাখায় কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী লরিচালক আবুল মিয়া বলেন, “এক ঘণ্টারও বেশি সময় ধরে গৌরীপুর এলাকায় আটকে আছি। ভোরে চট্টগ্রাম থেকে মালামাল আনতে রওনা হয়েছিলাম। এখনো গৌরীপুর পার হতে পারিনি। এতে সময়ের পাশাপাশি জ্বালানিও অপচয় হচ্ছে।”

যানজটে আটকে থাকা যাত্রীরা জানান, দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ করে কর্মজীবী মানুষ, রোগীবাহী যান এবং পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকার মাস্টার্স পাম্পের ব্যবস্থাপক জাহাঙ্গীর বলেন, গ্যাসের চাপ কম থাকায় অনেক ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকেই এ সংকট চলছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে।

ওসি প্রেম দাস জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম সকাল থেকেই মহাসড়কে কাজ করছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে যান চলাচলও দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।

সম্পাদকীয় নোট: সম্পাদক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

প্রিন্ট করুন