প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
আজকের কথা ডেস্ক

কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক বুড়িচং উপজেলার খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ মারুফকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় পুলিশের অভিযানে সাজ্জাদ মারুফসহ তিনজনকে আটক করা হয়। পুলিশ জানায়, এ সময় তাঁদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরপরই সাংগঠনিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেলের স্বাক্ষরিত এক চিঠিতে সাজ্জাদ মারুফকে সংগঠন থেকে আজীবন বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ থেকেও তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাজ্জাদ মারুফের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, “সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হলে সে যেই হোক, তাকে দলে কোনোভাবেই জায়গা দেওয়া হবে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাজ্জাদ মারুফকে বহিষ্কার করা হয়েছে।”

এদিকে ইয়াবাসহ আটকের ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত কার্যক্রমও চলমান রয়েছে বলে জানা গেছে।

প্রিন্ট করুন