
কুমিল্লার দেবীদ্বারে মাদক সেবনের অভিযোগে সাত যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিবনগর গ্রামের আলফাজ মেম্বারের বাড়ির সামনে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নৈশকালীন টহল ডিউটির সময় একদল যুবককে মাদক সেবন করতে দেখে অভিযান চালানো হয়। এ সময় সাতজনকে আটক করা হয়।
আটকরা হলেন—দেবীদ্বার পৌর এলাকার পুরাতন বাজারের শাহাদাৎ হোসেনের ছেলে জামিল সরকার (২৩), শিবনগর গ্রামের মো. দুলালের ছেলে মো. আজিজ (২১), খোরশেদ আলমের ছেলে মো. ছাইদুল ইসলাম (১৯), মো. আব্দুল হাকিমের ছেলে মো. রাকিব (১৯), আজিজুর রহমানের ছেলে মো. রামিম (১৯), চান্দিনা রোড এলাকার জাকির হোসেনের ছেলে জাহিদ হাসান (১৮) এবং সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের যুবরাজ মজুমদারের ছেলে হিমেল চন্দ্র মজুমদার (২৭)।
পুলিশের দাবি, অভিযানের সময় আটক ব্যক্তিরা মাদকদ্রব্য সেবনের কোনো বৈধ অনুমতিপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে রোববার (১৬ আগস্ট) দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

