
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা খামার ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার এবং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সরকার।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউছার আহমেদ মোল্লা, মৎস্যচাষি মো. আমিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম এবং মিঠাপানির মাছ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশ বিশ্বের ৫০টিরও বেশি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং আধুনিক ও নিরাপদ মাছ চাষের ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে দেশীয় প্রায় ৬০ প্রজাতির মাছ সংরক্ষণে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিষমুক্ত ও নিরাপদ মাছ বাজারজাত নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানান বক্তারা।
আলোচনা সভা শেষে মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।

