
‘যে এলাকায় মাদক থাকবে, ওই এলাকায় থানার প্রয়োজন নেই’—মাদকবিরোধী সমাবেশে এমন কঠোর বার্তা দিয়েছেন দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহীন।
তিনি বলেন, কুমিল্লার ১৮টি থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশের আয়োজন করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি আগামী ১৭ আগস্ট থেকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টায় দেবীদ্বার থানার উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, “যে সকল থানা এলাকায় মাদক থাকবে, ওই এলাকার থানা থাকার প্রয়োজন নেই। মাদকের বিরুদ্ধে পুলিশকে কঠোর অবস্থান নিতে হবে এবং সাধারণ মানুষকেও এ কাজে সম্পৃক্ত হতে হবে।”
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
অনুষ্ঠানে বক্তব্য দেন দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, ভিপি মাহফুজ সরকার, মো. সিয়াম ইসলামসহ অনেকে।
মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, “মাদক নির্মূলে শুধু পুলিশ বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। এ জন্য রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি সমাজের সচেতন মানুষ, অভিভাবক এবং বাবা-মাকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

