প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

ফরিদা হত্যাসহ সব হত্যার বিচার দাবিতে দেবীদ্বারে বিক্ষোভ-মানববন্ধন

দেবীদ্বারে ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডসহ সব হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা।
এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক :

কুমিল্লার দেবীদ্বারে চাঞ্চল্যকর ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডসহ সারাদেশে গুম, খুন, মাদক, সন্ত্রাস, ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি এবং নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় ভূমিহীন সংগঠনের উদ্যোগে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে দেবীদ্বার নিউমার্কেটের মুক্তিযোদ্ধা চত্বরে স্বাধীনতা স্তম্ভের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর।

তিনি বলেন, “ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির একটি নির্মম বহিঃপ্রকাশ। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবিলম্বে ফরিদা ইয়াসমিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী ও শিশুর ওপর নির্যাতন বন্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ভূমিহীন সংগঠনের উপজেলা সভাপতি মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও ভূমিহীন নেতা …-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নিজেরা করি সংস্থার বিভাগীয় সংগঠক মতিউর রহমান, আব্দুল জব্বার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ভূমিহীন নেতা বাদল মিয়া প্রমুখ।

বক্তারা ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

প্রিন্ট করুন