প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রাডোর লাগেজে ৩ লাখ ইয়াবা, কুমিল্লায় আটক ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল গাড়ি থেকে প্রায় তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
আজকের কথা ডেস্ক

কুমিল্লায় একটি বিলাসবহুল প্রাডো গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাগুরজুলি এলাকায় একটি সন্দেহভাজন প্রাডো গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে থাকা একটি লাগেজ থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

এ ঘটনায় আটক দুজন হলেন ফয়সাল হোসেন (২৫) ও গাড়িচালক আমান উল্লাহ (৩৫)। তাদের দুজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

পুলিশের প্রাথমিক ধারণা, বিলাসবহুল গাড়ি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবার চালানটি পরিবহনের চেষ্টা করা হচ্ছিল।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, জিজ্ঞাসাবাদে তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

প্রিন্ট করুন