
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালু হচ্ছে। মহাসড়কে যানবাহনের চলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি আইন ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করার ব্যবস্থা চালু করা হবে।
আগামী ১৮ আগস্ট থেকে কুমিল্লার ১০৫ কিলোমিটার মহাসড়কজুড়ে এ নজরদারি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের কুমিল্লা অংশের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে মোট ১৯৯টি এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ক্যামেরাগুলোর মাধ্যমে মহাসড়কে চলাচলকারী যানবাহনের গতি ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। অতিরিক্ত গতি, বেপরোয়া চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হবে।
আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার পর ‘অটো ফাইন সিস্টেম’-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বাড়ার পাশাপাশি দুর্ঘটনা কমাতেও এ প্রযুক্তি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহাসড়কে নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতেই এআই ক্যামেরাভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

