
কুমিল্লার মুরাদনগরে মায়ের অজান্তে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সী এক শিশুকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। সন্তানকে হারিয়ে দিশেহারা মা তাছলিমা আক্তার এখন শিশুটিকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন।
ঘটনাটি ঘটেছে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর এবং বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় এলাকায়।
ভুক্তভোগী তাছলিমা আক্তার সরেরপাড় গ্রামের ওয়াজেদ মিয়ার মেয়ে এবং মোস্তফাপুর গ্রামের আল-আমিনের স্ত্রী। ছয় মেয়ে ও দুই ছেলের মধ্যে হারিয়ে যাওয়া শিশুটি তাদের সর্বকনিষ্ঠ সন্তান।
তাছলিমার অভিযোগ, গত ১৮ জুলাই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে মজিদ কলেজ মাঠ এলাকায় একটি স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়। ওই সময় তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় বিষয়টি বুঝতে পারেননি। পরে সুস্থ হয়ে বাড়িতে ফিরে জানতে পারেন, তার কোলের সন্তান আর নেই।
কান্নায় ভেঙে পড়ে তাছলিমা বলেন, “আমি কোনো টাকাপয়সা চাই না। আমার কোলের সন্তানকে সুস্থভাবে আমার বুকে ফিরিয়ে দিন।” তাঁর অভিযোগ, খালা চক্রান্ত করে শিশুটিকে অন্যের কাছে দিয়ে দিয়েছেন।
তবে তাছলিমার খালা ছেনোয়ারা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর দাবি, তাছলিমার মামা বাবুল মিয়া বিষয়টি জানেন।
অন্যদিকে বাবুল মিয়া জানান, তিনি শুধু একটি স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন। শিশুটিকে কারা নিয়ে গেছে বা বর্তমানে কোথায় রয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। বরং শিশুটির বাবা আল-আমিন বিষয়টি জানেন বলে দাবি করেন তিনি।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে শিশুটির বাবা আল-আমিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।
সন্তানের অবস্থান শনাক্ত করে দ্রুত তাকে নিরাপদে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অসহায় মা তাছলিমা আক্তার।

