প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।
খাদিজা বেগম, বিশেষ প্রতিবেদক :

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন—গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তাঁর সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

এ ছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে এসব ইয়াবা গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

পুলিশ জানায়, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। মাদকসংক্রান্ত একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

প্রিন্ট করুন