প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

জ্ঞান-নেতৃত্বের নতুন দিগন্তে মুরাদনগরের কাজী শাহ আরেফিন, সম্পন্ন করলেন এনডিসির মর্যাদাপূর্ণ ক্যাপস্টোন কোর্স

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ‘ক্যাপস্টোন কোর্স-২০২৬/২’ সফলভাবে সম্পন্ন করে সনদ গ্রহণ করছেন মুরাদনগরের কৃতী সন্তান কাজী শাহ আরেফিন।
এবাদুল্লাহ ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :

“জাতীয় নিরাপত্তা ও কৌশলগত ভাবনায় নতুন অভিজ্ঞতা”

জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ‘ক্যাপস্টোন কোর্স-২০২৬/২’ সফলভাবে সম্পন্ন করেছেন কুমিল্লার মুরাদনগরের কৃতী সন্তান কাজী শাহ আরেফিন। কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ করেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের আয়োজনে কয়েক সপ্তাহব্যাপী এ মর্যাদাপূর্ণ কোর্সে জাতীয় সংসদ, সশস্ত্র বাহিনী, সরকারি ও বেসরকারি প্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যম, অর্থনীতি ও স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের ৩৯ জন জ্যেষ্ঠ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কোর্সে জাতীয় নিরাপত্তা, সুশাসন, কূটনীতি, অর্থনীতি এবং বাংলাদেশের কৌশলগত সম্ভাবনাসহ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। পাশাপাশি কোর্সের অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা পরিদর্শনের সুযোগ পান অংশগ্রহণকারীরা।

কাজী শাহ আরেফিন জানান, এনডিসির এ কোর্স তাঁর জ্ঞান ও অভিজ্ঞতার পরিধিকে আরও সমৃদ্ধ করেছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রের কৌশলগত স্বার্থ, অর্থনীতি ও সুশাসন সম্পর্কে বিস্তৃতভাবে জানার সুযোগ তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে।

এ সময় তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি সদস্য এবং কোর্সে অংশ নেওয়া সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে মুরাদনগরের সন্তান কাজী শাহ আরেফিন মর্যাদাপূর্ণ এ কোর্স সফলভাবে সম্পন্ন করায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর এ অর্জনকে মুরাদনগরের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করে ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

প্রিন্ট করুন