প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

তুমি চেয়ো — আলেয়া মান্নানের আবেগঘন কবিতা

কবি আলেয়া মান্নান—‘তুমি চেয়ো’ কবিতার রচয়িতা। ছবি : দৈনিক আজকের কথা
আজকের কথা সাহিত্য ডেস্ক :

ভালোবাসার মানুষের কাছে অনেক কিছুই চাওয়া যায়, কিন্তু দূরত্ব নয়—এমন এক আবেগ ও আকুতির প্রকাশ ঘটেছে কবি আলেয়া মান্নানের কবিতা ‘তুমি চেয়ো’-তে। ফুল, আকাশ, নদী, পাহাড়, বৃষ্টি, শীতের সকাল ও পূর্ণিমার জোছনার উপমায় প্রিয় মানুষকে আগলে রাখার অনুভূতি ফুটে উঠেছে কবিতাটিতে।

কবি জানিয়েছেন, ‘তুমি চেয়ো’ তার একটি অপ্রকাশিত কবিতা, যা তিনি সাহিত্য পাতায় প্রকাশের জন্য পাঠিয়েছেন।

তুমি চেয়ো

আলেয়া মান্নান

তুমি কিছু চাইতে পারো, না বলবো না।
তবে ভুল করেও যেন, দূরত্ব চেয়ো না।
তুমি ফুল চেয়ো মনের যত বাসনা,
ফুলের সৌরভে আমায় ভুল বোঝো না।

তুমি আকাশ চেয়ো, করি না মানা।
কিন্তু আবার সেই আকাশে, উড়ে যেও না।
তুমি নদী চেয়ো সেই অজানা!
দেখো, আবার নদীর স্রোতে, ভেসে যেও না।

তুমি পাহাড় চেয়ো, সাথে আরো ঝরনা।
সাবধানে থেকো সেখানে, হবে যখন বন্যা।
তুমি বৃষ্টি চেয়ো ঝিরিঝিরি দানা,
নিরুদ্দেশ হয়ো না, মেলে দিয়ে ডানা।

তুমি শীতের সকাল চেয়ো, মনে রেখে ভাবনা।
ছুঁতে যেন যেও না, শিশিরের কণা।
তুমি রাত চেয়ো, পূর্ণিমা জোছনা।
কভু যেন আঁধার রাতে, হারিয়ে যেও না।

তুমি সুখ চেয়ো, সুখী হও, করি কামনা।
তোমার সুখে যেন, আমায় কাঁদিও না।
তুমি পূর্ণতা চেয়ো, করে কল্পনা।
পূর্ণ হতে গিয়ে আবার, করিও না লাঞ্ছনা।

তুমি আমার মৃত্যু চেয়ো, দুঃখ করি না।
তবু যেন তুমি আমায়, ভুলে যেও না।
তুমি কিছু চাইতে পারো, না বলবো না।
তবে ভুল করেও যেন, দূরত্ব চেয়ো না।

কবি পরিচিতি

কবি আলেয়া মান্নান। তাঁর লেখা ‘তুমি চেয়ো’ কবিতাটি প্রকাশিত হলো দৈনিক আজকের কথার সাহিত্য পাতায়।
কবি আলেয়া মান্নান। তাঁর লেখা ‘তুমি চেয়ো’ কবিতাটি প্রকাশিত হলো দৈনিক আজকের কথার সাহিত্য পাতায়। ছবি : দৈনিক আজকের কথা

কবি আলেয়া মান্নান নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সন্তান। তার পিতা মরহুম ইমাম হোসাইন এবং মাতা মোসা. জুবাইদা খাতুন।

কবি জানান, তার লেখা ১৬টি কবিতা ইতোমধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে— সূর্যাক্ষর ম্যাগাজিন, দৈনিক ভোরের খবর, দৈনিক দেশকাল, দৈনিক যায়যায় কাল, দৈনিক সকালের কাগজ, দৈনিক স্বাধীন ভোর, দৈনিক মুক্ত প্রভাত, দৈনিক রাঙা প্রভাত, দৈনিক জনতার কণ্ঠ, দৈনিক বাংলার মুকুল, দৈনিক স্বদেশ চিত্র, দৈনিক সকালের সংবাদ, দৈনিক সকালের আলো, দৈনিক জনতার খবর, ৭১ সংবাদ পত্রিকা এবং দৈনিক পূণ্যভূমি পত্রিকা।

কবি: আলেয়া মান্নান
জন্মস্থান: নেত্রকোনা
উপজেলা: কলমাকান্দা

‘তুমি চেয়ো’ কবিতাটি কবির পাঠানো অপ্রকাশিত রচনা হিসেবে প্রকাশ করা হলো।

প্রিন্ট করুন