প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু
আজকের কথা ডেস্ক

ফরিদপুর শহরের নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক ইলেকট্রিশিয়ানও আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকার একটি চারতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে ছুটি নিয়ে তিনি নিজ বাড়িতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আবীর হোসেনের বাড়ির ছাদে বিদ্যুতের কাজ করছিলেন ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫)। কাজের সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারে এগিয়ে গেলে পুলিশ পরিদর্শক আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রিন্ট করুন