প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

‘কারো দয়ায় নয়, নিজ যোগ্যতায় বিভাগ চায় কুমিল্লা’: এ্যানির বক্তব্যে কুমিল্লাজুড়ে ফুঁসছে মানুষ

‘কারো দয়ায় নয়, নিজ যোগ্যতায় বিভাগ চায় কুমিল্লা’: এ্যানির বক্তব্যে কুমিল্লাজুড়ে ফুঁসছে মানুষ
আজকের কথা ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির এক সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে কুমিল্লাজুড়ে। নোয়াখালীকে কেন্দ্র করে নতুন প্রশাসনিক বিভাগ গঠনের পক্ষে তাঁর দেওয়া বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কুমিল্লাবাসীর স্পষ্ট বক্তব্য—কোনো ব্যক্তির দয়া বা অনুকম্পায় নয়, প্রশাসনিক, সামাজিক ও অবকাঠামোগত সব দিক থেকে কুমিল্লা জেলা নিজস্ব যোগ্যতায় বিভাগ হওয়ার পূর্ণ দাবিদার।

স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকদের অভিযোগ, দীর্ঘদিনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও অবকাঠামোগত উন্নয়নকে উপেক্ষা করে কুমিল্লাকে অবমূল্যায়ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। কুমিল্লা জেলা বর্তমানে দেশের অন্যতম প্রধান প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র।

ছবিতে প্রকাশিত তথ্যের ভিত্তিতে কুমিল্লা ও নোয়াখালী জেলার অবকাঠামোগত ও প্রশাসনিক সমীকরণের একটি তুলনামূলক চিত্র নিচে তুলে ধরা হলো:

সূচক / বিষয় কুমিল্লা নোয়াখালী
জনসংখ্যা ৬৫,১১,৯১৫ জন ৩৫,৫২,৫১৫ জন
সিটি কর্পোরেশন ১টি ০টি
শিক্ষা বোর্ড ১টি ০টি
নগর উন্নয়ন কর্তৃপক্ষ ১টি ০টি
ওয়াসা (WASA) ১টি ০টি
সংসদীয় আসন ১১টি ৬টি
উপজেলা ১৮টি ৯টি
মেডিকেল কলেজ ৫টি ১টি
সেনানিবাস ১টি ০টি
ইপিজেড (EPZ) ১টি ০টি
ইকোনমিক জোন ৩টি ০টি
প্রবাসীদের অবস্থান ৩য় ৭ম
ক্যাডেট কলেজ ১টি ০টি
বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ১টি ০টি
পাবলিক বিশ্ববিদ্যালয় ১টি ১টি (অপূর্ণাঙ্গ)
আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১টি ০টি
আঞ্চলিক জোনাল অফিস ৫০টি ০টি
বাখরাবাদ গ্যাস হেড অফিস ১টি ০টি

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, শিক্ষা বোর্ড, নিজস্ব সিটি কর্পোরেশন, কাস্টমস ও কর অঞ্চল, সেনানিবাস, ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলের মতো বৃহৎ অবকাঠামো কুমিল্লাতেই বিদ্যমান। এছাড়াও ১৮টি উপজেলা ও বিপুল সংখ্যক জনসংখ্যার কারণে কুমিল্লাকে বাদ দিয়ে অন্য কোনো জেলাকে কেন্দ্র করে বিভাগ বাস্তবায়নের চিন্তা অযৌক্তিক বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ।

দৈনিক আজকের কথা
কারও দয়া বা অনুগ্রহ নয়—ঐতিহ্য, জনসংখ্যা, অর্থনীতি ও প্রশাসনিক সক্ষমতার ভিত্তিতে কুমিল্লা নিজ যোগ্যতায় বিভাগ হওয়ার দাবি রাখে।
— সৈয়দ এ কে এম কায়েস আহমেদ মীর
সমাজসেবক ও প্রবীণ রাজনীতিক

কুমিল্লার সচেতন মহল হুশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে কুমিল্লার ন্যায্য দাবি মেনে নিয়ে ‘কুমিল্লা’ নামেই বিভাগ ঘোষণা করতে হবে, অন্যথায় আন্দোলন আরো তীব্র আকার ধারণ করবে।

প্রিন্ট করুন