

বগুড়ার নন্দীগ্রামে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে স্কুল ব্যাগ তুলে দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্শণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন সংসদ সদস্য মোশারফ হোসেন।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষা ও সবুজ পরিবেশ—দুটিই সুন্দর ভবিষ্যৎ গঠনের ভিত্তি।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং নিয়মিত পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পরামর্শ দেন। পরে বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন তিনি। শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন সংসদ সদস্য।
অনুষ্ঠান শেষে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন মোশারফ হোসেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন-প্রত্যাশা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য তাদের কথা শোনেন এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য মোশারফ হোসেন নন্দীগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।