

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক ও যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

অপরাধ দমনে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে। মাদক, জাল টাকা ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
পুলিশ সুপার জানান, বাগেরহাট সদর থানার পৌর এলাকার নাগেরবাজারসহ বিভিন্ন স্থানে জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিভিন্ন গমনাগমনের পথ নিয়ন্ত্রণে নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়। পাশাপাশি স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিভিন্ন বসতঘরেও তল্লাশি চালানো হয়।
অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭ জন পুরুষ ও একজন নারীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা যার মোট ওজন ২০০ গ্রাম, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহারের অভিযোগে ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।
অন্যদিকে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে সদর থানার খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া জাল নোটের প্রতিটির মূল্য এক হাজার টাকা।
জাল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে মোট ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।